কুমিল্লার হোমনায় ১৩ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি মো. আসিফকে ২৩ দিন পর গ্রেফতার করা হয়েছে। জেলার বরুড়ার উপজেলার রামমোহন বাজার থেকে শনিবার রাতে র্যাব-কুমিল্লার একটি দল তাকে গ্রেফতার করে।রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতার আসিফ হোমনা উপজেলার মিরাশ গ্রামের আলম মিয়ার ছেলে।
রবিবার দুপুরে র্যাব-১১ এর কুমিল্লাস্থ শাকতলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সংবাদ জানায়। কোম্পানী কমান্ডার মেজর আতাউর রহমান সাংবাদিকদের জানান, গ্রেফতার হওয়া আসিফ গত ২৮ এপ্রিল তার নিজ ঘরের সামনে পার্শ্ববর্তী বাড়ির এক প্রতিবন্ধী শিশুকে (১৩) পেয়ে ঘরে নেয়। পরে ওই শিশুর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে হোমনা থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে ধর্ষক আসিফ পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে ঘটনার ২৩ দিন পর শনিবার রাতে র্যাব তাকে গ্রেফতার করে।
ইত্তেফাক/নূহু
