রাজশাহী পুঠিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী লিয়াকত নিহত

আপডেট : ২১ মে ২০১৮, ২০:৫৪
রাজশাহীর পুঠিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলী মণ্ডল (৪৫) নিহত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিড়া গ্রামে বন্দুকযুদ্ধে লিয়াকত নিহত হয়।
 
সে উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম গ্রামের মুক্তিযোদ্ধা জাক্কার আলী মণ্ডলের ছেলে ও বানেশ্বর ইউপির ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা ছিল। এর আগে তিনি একাধিকবার গ্রেপ্তার হন।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল পুঠিয়ার বেলপুুুকুরে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। এতে মাদক ব্যবসায়ী লিয়াকত আলী নিহত হন। 
 
ঘটনাস্থলে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ৮২৩ পিস ইয়াবা পাওয়া যায়।
 
নিহতের বড় ভাই জুবের মণ্ডলের দাবি, লিয়াকত এক সময় মাদক ব্যবসা করতো। প্রায় ২ বছর আগে মাদক ব্যবসা ছেড়ে সে গরুর খামার করে। গত জানুয়ারিতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা লিয়াকতকে ধরে নিয়ে হাত ভেঙ্গে দেয়। ওই সময় লিয়াকত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে প্রত্যায়নপত্র দেন পুঠিয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি। এরপর আইনশৃংখলা বানিহীর সদস্যরা তাকে ছেড়ে দেয়।
 
জুবের মণ্ডল আরও দাবি করেন, রবিবার দুপুরের আগে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে লিয়াকত আর বাড়ি ফিরেনি। রাতে তারা খবর পান লিয়াকত বন্দুকযুদ্ধে মারা গেছে।
 
ইত্তেফাক/নূহু