মেসি নিয়ে এখনই ভাবছে না লিভারপুল

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:২৯

লিভারপুল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পোর্তোর বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে টানা দ্বিতীয় বছরের মত শেষ চার নিশ্চিত করেছে। সেমিফাইনালে লিওনেল মেসির বার্সেলোনার মুখোমুখি হতে হলেও এখনই সে চিন্তা মাথায় আনতে নারাজ দলটির কোচ য়ুর্গেন ক্লপ।

কোয়ার্টার ফাইনালের ড্রয়ের পর থেকেই পোর্তোর বিপক্ষে অল রেডদের জয় অনুমিত ছিল। ঘরের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল ক্লপের দল। কিন্তু এই মৌসুমেই দ্বিতীয় রাউন্ডে দলগুলোর দারুণ সব প্রত্যাবর্তনের গল্প ম্যাচটির আগে স্বস্তি দিচ্ছিল না দলটির জার্মান কোচকে।

বুধবার রাতে পোর্তোর মাঠে সাদিও মানের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা লিভারপুল দ্বিতীয়ার্ধে মোহামেদ সালাহ, রবার্তো ফিরমিনো ও অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের গোলে সব অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে বড় জয়ে সেমি নিশ্চিত করেই মাঠ ছাড়ে।

উড়তে থাকা লিভারপুল শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনাকে। স্প্যানিশ চ্যাম্পিয়নরা আগের দিনই লিভারপুলের স্বদেশী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছিল। দুই গোল করে সামনে থেকেই যার নেতৃত্ব দিয়েছিলেন অধিনায়ক মেসি। ক্লপ জানান, এই মৌসুমে ৪৫ গোল করা এই আর্জেন্টাইনকে আটকানো একপ্রকার দুঃসাধ্য ব্যাপারই বটে।     

ক্লপ জানান, এখনই প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে ভাবতে রাজি নন তিনি। ক্লপ বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ এখনই সে ব্যাপারে আমাকে ভাবতে হচ্ছে না কারণ আমার হাতে আরও সময় আছে।’

টানা দ্বিতীয় মৌসুমে সেমিফাইনালের চৌকাঠে পা রাখাটাকে বড় অর্জন হিসেবেই দেখছেন অল রেড কোচ। তিনি বলেন, ‘আমরা বার্সেলোনার বিপক্ষে খেলতে যাচ্ছি। আমি এ নিয়ে খুব একটা ভাবছি না কিন্তু তাদের মুখোমুখি হতে পেরে আমি সত্যিই খুব খুশি। এটা সত্যিই ভালো খবর এবং ক্লাবের মানুষগুলোর উপর বেশ সন্তুষ্ট আমি। টানা দুই বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলাটা অনেক বড় অর্জন।’

তিনি আরও বলেন, ‘সবাই এ পর্যন্ত অনেক চেষ্টা করেছে এবং কেউ কিছুই করতে পারেনি। কিন্তু আমরা এ ব্যাপারে সামনের দিকেই তাকাচ্ছি। সেদিন ব্যবহার করার মতো কোনো কৌশল বের করবো আমরা আর না হলেও এ নিয়ে ভাববার কিছু নেই। আমরা এখন সেমিফাইনালে।’

প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে এবার শিরোপাধারী ম্যানচেস্টার সিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছে লিভারপুল, যেখানে ২৯ বছর পর শিরোপা জয়ের হাতছানি আছে দলটির সামনে। ক্লপ আপাতত সেদিকেই মনোযোগ দিতে চাইলেন, ‘বার্সেলোনার মুখোমুখি হবার আগে অনেক কিছুই করতে হবে আমাদের। রবিবারে আমরা কার্ডিফ সিটির বিপক্ষে খেলবো। কাল সকালে যখন ঘুম থেকে উঠবো তখন এটাই আমার মস্তিষ্কে কাজ করবে।’