স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমন্বিত ভূমিকা রাখতে হবে।
আজ মঙ্গলবার রংপুর মহানগরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় ও জনসেবার মান বাড়াতে হবে এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রমের অংশ হিসেবে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২০১৭-১৮ অর্থবছরে ৮২টি ইউনিয়ন পরিষদ ভবন, ৫৫টি উপজেলা কমপ্লেক্স ভবন ও ৯৫টি সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে।
বর্তমান সরকার প্রায় ৫ হাজার কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, ১১ হাজার ৫০০ কি. মি. পাকা সড়ক রক্ষণাবেক্ষণ ও ৩২ হাজার ৩৫০ কি. মি. সেতু ও কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করেছে বলে জানান তিনি।
জেলা জাতীয় পার্টির আয়োজনে সভায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এমআই
