সুন্দরবনের বিভিন্ন জলদস্যু, বনদস্যু ও ডাকাত বাহিনীর প্রধানসহ ছয়টি বাহিনীর ৫৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ র্যাব-৬ খুলনার সদর দপ্তরে আত্মসমর্পণ করবে আগামীকাল বুধবার। র্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান।
ডিআইজি বলেন, আত্মসমর্পণ করতে রাজি হওয়া বাহিনীগুলো হচ্ছে, রাজন ওরফে দাদা ভাই, আমিরুল, হান্নান, সূর্য, ছোট শামসু ও মুন্না বাহিনী। তিনি বলেন, আগামীকাল সকাল সাড়ে ১০টায় নগরীর লবণচরায় র্যাব-৬ খুলনার কার্যালয়ে আত্মসমর্পণের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।
এছাড়াও ইতোপূর্বে আত্মসমর্পণকারী বনদস্যুদের ৫৮জনের প্রত্যেককে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১লাখ টাকার চেক অনুদান প্রদান করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
ইত্তেফাক/এসএস
