বাংলাদেশ নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে ও বানৌজা হাজী মহসীনের সার্বিক ব্যবস্থাপনায় ‘আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা’ বৃহস্পতিবার ঢাকাস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপ্ত হয়েছে।
প্রতিযোগিতার মোট ২২টি ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনী ১৫টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ৩৮টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ৬টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ২১টি পদক অর্জন করে রানার আপ হয়েছে। এছাড়া, বাংলাদেশ বিমানবাহিনী ১টি স্বর্ণ ও ৬টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক পেয়ে তৃতীয় স্থান অর্জন করে।
চার দিনব্যাপী অনুষ্ঠিত ‘আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা’-এর বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মাহফুজুর রহমান হাইজাম্পে ২.১২ মিটার উচ্চতা অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া, সেনাবাহিনীর সৈনিক মো. শরিফুল ইসলাম ১০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪X১০০ মিটার রিলে ইভেন্টে ০৩টি স্বর্ণপদক জয় করে শ্রেষ্ঠ অ্যাথলেট বিবেচিত হন।
এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সামরিক ও বেসামরিক সদস্যগণ উপস্থিত থেকে প্রতিযোগিতাটি উপভোগ করেন ।-সংবাদ বিজ্ঞপ্তি
