বাতিল হওয়া নিরাপত্তা ক্লিয়ারেন্স ফেরত পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার। এখন থেকে পুনরায় স্পর্শকাতর গোপন তথ্য দেখতে পারবেন তিনি। তার আইনজীবী জানিয়েছেন, পূর্বে অস্থায়ী ক্লিয়ারেন্স থাকলেও এখন থেকে স্থায়ী ভাবে নিরাপত্তা ক্লিয়ারেন্স ব্যবহার করতে পারবেন কুশনার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, ২০১৭ সালে হোয়াইট হাউজে যোগ দেয়ার সময় কুশনারকে অস্থায়ীভাবে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্লিয়ারেন্স দেয়া হয়। পরবর্তীতে এই বছরের ফেব্রুয়ারিতে, হোয়াইট হাউজের স্টাফ সেক্রেটারি রব পর্টারের বরখাস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার নিরাপত্তা ক্লিয়ারেন্স সাময়িক ভাবে কেড়ে নেন হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ জন কেলি।
এফবিআই কুশনারের ব্যাকগ্রাউন্ড চেক করে তাকে স্থায়ী নিরাপত্তা ক্লিয়ারেন্স দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কুশনারের আইনজীবী অ্যাবি লওয়েল বলেন, স্থায়ী নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য তার (কুশনার) আবেদনপত্র যথাযথ ভাবে জমা দেয়া হয়েছিল ও স্বাভাবিক প্রক্রিয়ায় তা সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যালোচনা করে দেখেছেন। পুরো প্রক্রিয়াটি শেষ হয়েছে। কুশনার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী কাজ করার অপেক্ষায় রয়েছেন।
ইত্তেফাক/ জেআর
