শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের চকপাড়া গ্রামে ফজিলা খাতুন (৮০) নামে এক নারী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ঝোপ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত ফজিলা খাতুন ওই গ্রামের মৃত আমজাদ হোসেনের স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আগের রাতে প্রতিদিনের মতো তার ঘরে ঘুমিয়ে পড়ে ফজিলা। ভোরে তার ঘরের দরজা ও তাকে না পেয়ে তার ছেলের বউ রেখা খাতুন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশে ঝোপের মধ্যে তার শাশুড়ির গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ফজিলার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু কি কারণে ফজিলা খুন হয়েছে তা জানা যায়নি। তবে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি ঘটনা উদঘাটনের জন্য পুলিশি তৎপরতা চলছে।
ইত্তেফাক/এসএস
