সাংবাদিক এনামুলের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

আপডেট : ২৪ মে ২০১৮, ২০:২৮
দৈনিক সমকালের গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রতিনিধি এনামুল হককে মারধর করার প্রতিবাদে এবং চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
সমকাল সুহৃদ সমাবেশ, স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজের আয়োজনে শহরের ডিবি রোডস্থ আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অঞ্জলী রানী দেবী, উপদেষ্টা প্রফেসর সমীর কুমার সরকার, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, প্রবীণ ক্রীড়াবিদ রংপুর বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনে সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা জাসদের যুগ্ম সম্পাদক জিয়াউল হক জনি, আদিবাসী-বাঙালী সমন্বয় পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী, মানবাধিকার নাট্য পরিষদের জেলা সভাপতি মো. আলম মিয়া, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী,  সাদুল্লাপুর প্রতিনিধি শাহজাহান সোহেল, ফুলছড়ি প্রতিনিধি ভবতোষ রায় মনা, সুন্দরগঞ্জ প্রতিনিধি এ মান্নান আকন্দ, সাঘাটা প্রতিনিধি আসাদ খন্দকার প্রমুখ। 
 
বক্তারা হামলাকারী গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাংবাদিক এনামুলের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আহবান জানান। 
 
প্রসঙ্গতঃ গোবিন্দগঞ্জের আদিবাসীদের সমস্যা, বিভিন্ন জনপ্রতিনিধির অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগের কারণে সেখানকার সাংবাদিক সমাজ আজ দুটি ধারায় বিভক্ত। অনেকে লেজুরবৃত্তির মধ্যে জড়িয়ে পড়লেও সাংবাদিক এনামুল এক্ষেত্রে নির্ভিক এবং বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এরই ফলশ্রুতিতে তার ওপর বর্বরোচিত হামলা।
 
ইত্তেফাক/নূহু