ঘরে চাল উঠানোকে কেন্দ্র করে শিশু নিহত

আপডেট : ২৫ মে ২০১৮, ১৪:০৫
সাতক্ষীরার আশাশুনিতে ঘরে চাল উঠানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে ইটের আঘাতে শিশু তৈয়বুর রহমান (১০) নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত শিশু তৈয়বুর রহমান আশাশুনি উপজেলার পূর্ব নাকনা গ্রামের আব্দুল গণি পাড়ের ছেলে।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্ব নাকনা গ্রামের আব্দুল গণি পাড় ও আব্দুল খলিল পাড় দুই ভাইয়ের মধ্যে ঘরের চাল উঠানোকে কেন্দ্র কারে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খলিল ও তার দুই ছেলে মহাসিন ও ইয়াসিন একপর্যায়ে গণি পাড়কে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। তাদের ছোঁড়া একটি ইট ঘরের পাশে দাড়িয়ে থাকা গনি পাড়ের ছেলে তৈয়বুরের মাথায় লাগে। এতে তার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়। এরপর তাকে গতকাল বৃহস্পতিবার বিকেলে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে সেখানকার ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। আজ শুক্রবার সকালে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু তৈয়ুবুরের লাশ খুলনা সার্জিক্যাল হাসপাতালে ছিলো বলে তার স্বজনরা জানান।
 
ইত্তেফাক/এসএস