সুনামগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৪২

সুনামগঞ্জে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের পূর্ব সদরঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মিজান সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মৃত রহিম মিয়ার ছেলে। তিনি ওই এলাকার বালু-পাথর ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিজান বাল্কহেডের নৌকা ছাড়ার জন্য পূর্ব সদরঘর এলাকায় গেলে কয়েকজন দুর্বৃত্ত মিজানুর রহমানকে পেছন থেকে ছুরিকাঘাত করে।  সুনামগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।