এভারেস্ট চূড়াতেও মানুষের মল, কাণ্ডজ্ঞানহীনতায় বাড়ছে দূষণ

আপডেট : ২৬ মে ২০১৮, ১৭:১১
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এলাকার ব্যাপক দূষণ ছড়িয়ে পড়েছে। সেটি এখন একটি দুর্গন্ধময় জায়গায় পরিণত হয়েছে- কারণ সেখানে চারদিকে মানুষের বিষ্ঠার স্তূপ ছড়িয়ে আছে। সম্প্রতি মাউন্ট এভারেস্ট থেকে ফিরে এমন আঁতকে ওঠা তথ্য দিয়েছেন পর্বতারোহীরা।
IMG0
তারা জানিয়েছেন, এভারেস্টের বিভিন্ন উচ্চতার ক্যাম্পে মানববর্জ্য ফেলে আসছেন আরোহীরা এবং এটাই এ সমস্যার কারণ। এছাড়া আবর্জনার মধ্যে আছে বোতল, তাঁবু, মই, খালি অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অনেক কিছু এবং এগুলো সবই ফেলে আসছেন পর্বতারোহীরা।
IMG1
এ মৌসুমে প্রায় ৫০০ জন সফলভাবে এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছেন। লিয়ানো গনজালেস নামে একজন মেক্সিকান পর্বতারোহী বলেছেন, এবছর এভারেস্টের শীর্ষ বিন্দুর কাছাকাছি এলাকাতেও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। ‘কোন কোন জায়গায় এমন অবস্থা যে একটা তাঁবু ফেলার মতো পরিষ্কার জায়গাও নেই’ জানান একজন গাইড।
IMG2
নেপাল সরকার ২০১৪ সালে একটি নিয়ম করেছিল যে, পর্বতারোহীদের অভিযান শেষে এভারেস্ট থেকে নেমে আসার সময় নিজেদের বর্জ্যসহ কমপক্ষে আট কেজি আবর্জনা বহন করে আনতে হবে। তবে এ নিয়ম অনেকেই মানছেন না।
IMG3
তবে এভারেস্টে দূষণ নিয়ন্ত্রণের জন্য শেরপাদের অংশগ্রহণে একটি কমিটি গঠিত হয়েছে। যারা বর্জ্য সংগ্রহ করে নিচে নামিয়ে আনছেন। এই কমিটির তথ্যমতে গত বছর এক লক্ষেরও বেশি লোক এভারেস্ট অঞ্চল গিয়েছিলেন। যার মধ্যে প্রায় ৪০ হাজার ছিলেন পার্বত্য অভিযাত্রী। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু