ট্রেনে চাকায় পা-হারানো রনি মারা গেছেন

আপডেট : ২৬ মে ২০১৮, ১৯:২৩
রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় পা-হারানো রনি মারা গেছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার রাত ৯টার দিকে মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রনির পা ট্রেনের চাকায় পিস্ট হয়। এতে রনির ডান পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আল-আমিনসহ কয়েকজন পথচারী রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
 
জানা গেছে,  রনির বাবার  নাম নাসির উদ্দিন। তার মায়ের নাম পারভীন। তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগন ভূইয়া উপজেলায়। আহত রনির কাছ থেকে তারা জানতে পেরেছেন তিনি পানি বিক্রি করেন। রনি ট্রেনে ফেরি করে মালামাল বিক্রি করতেন। শুক্রবার তিনি কমলাপুর থেকে ট্রেনে পানি বিক্রি করতে করতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় যান। পরে বিমানবন্দর থেকে আবার পানি বিক্রি করতে করতে ফিরছিলেন। তার বাসা মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় হওয়ায় রনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে বাসায় যাবার চেষ্টা করেন। এসময় তিনি এ দুর্ঘটনার শিকার হন। 
 
নিহত রনির মা পারভীন জানান, তার একমাত্র ছেলে রনি ট্রেনে ঘুরে ঘরে পানি বিক্রয় করতো। থাকতো কোন এলাকায় তা তিনি জানেন না। মাঝে মাঝে বাড়িতে গিয়ে আমাকে টাকা দিতো। রনির ময়নাতদন্ত শেষে লাশ তার গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যায় তার পরিবার।
 
ইত্তেফাক/এমআই