বড়াইল টিটিপাড়া বস্তিতে অভিযান

৩৫ হাজার ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৮২

আপডেট : ২৭ মে ২০১৮, ০৯:৫২
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও কমলাপুরে টিটি পাড়া বস্তিতে মাদকবিরোধী অভিযানে পুলিশ ৮২ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে ৩৫ হাজার পিস ইয়াবা, ১ মণ গাঁজা, বিপুল পরিমাণ বাংলা মদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হয় এ অভিযান। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। অভিযানে ডিএমপির এক হাজারের বেশি পুলিশ সদস্য রয়েছে।
 
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম গতকাল রাত ১২টার দিকে ইত্তেফাককে বলেন, কমলাপুর টিটিপাড়া বস্তি থেকে ৫২ এবং মহাখালী কড়াইল বস্তি থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৩৫ হাজার পিস ইয়াবা, ১ মণ গাঁজা, বিপুল পরিমাণ বাংলা মদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র।
 
তিনি বলেন, কড়াইলের অভিযানে এক হাজার ডিএমপির সদস্য, গুলশান থানা পুলিশ, কাউন্টার টেররিজম এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা রয়েছেন। মনিরুল ইসলাম আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
 
মাদক বিক্রির দায়ে পুলিশের অভিযানে ৭৪ জন গ্রেফতার
এদিকে রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে শুক্রবার সকাল থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত মাদক সেবন ও বিক্রির দায়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার  করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার ২২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৭১  গ্রাম হেরোইন, ৭ কেজি ৫২০ গ্রাম গাঁজা,  ৩০০ বোতল ফেনসিডিল ও ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে