সুযোগ থাকা সত্বেও উদ্বোধন না হওয়ায় উদ্ধারকাজে যায়নি ফায়ার সার্ভিস

আপডেট : ২৮ মে ২০১৮, ২০:৩৪
বাঁশখালী উপজেলার গুনাগরী খাসমহলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে গিয়েছে। এতে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে।
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, নুরুল আবছার (হার্ডওয়ারের দোকান), মাওলানা এহসান (ওষুধের দোকান), নেছার উদ্দিন (ওয়ার্কসপ) ও মিন্টু চৌধুরী (ওয়ার্কশপের দোকান)। এ সময় পার্শ্ববর্তী আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্র জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার গুনাগরী খাসমহল এলাকায় নুরুল আবছারের হার্ডওয়ারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের জন্য বাঁশখালীর নব নির্মিত ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
 
বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, তাদের ফায়ার সার্ভিস এখনও উদ্বোধন হয়নি তাই অগ্নি নির্বাপন কাজে তারা অংশ নেয়নি। উদ্বোধনের পর তারা অগ্নি নির্বাপনের কাজ করবেন।
 
আগুন নিয়ন্ত্রণে স্থানীয় মানুষ ও বাজারের ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালায়। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে।
 
বাঁশখালী থানার ওসি সালাহউদ্দিন হিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/নূহু