ঈদে ঘরমুখী মানুষদের যাতায়াতের জন্য ভাঙাচোরা ও মেয়াদোত্তীর্ণ গাড়ি মেরামত করে সড়কে নামানো হচ্ছে। গাড়ির ওয়ার্কশপগুলো ঈদের আগেই পুরাতন গাড়ি মেরামতের কাজ শুরু হয়। এমন খবর পেয়ে বুধবার খোদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযানে নামেন গাবতলী বাস টার্মিনাল এলাকার গাড়ির ওয়ার্কশপগুলোতে। ভাঙাচোরা গাড়ি মেরামত করার দৃশ্য দেখে তিনি ডেকে আনেন ভ্রাম্যমান আদালত। অভিযান চালিয়ে ৫টি বড় বাস ও ২টি মিনিবাস মেরামত করার অভিযোগে ৩১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া ২টি মিনিবাস জব্দ করে ডাম্পিংয়ে পাঠিয়ে দেয়।
পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে বুধবার সকাল ১১ টায় ঢাকা’র ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন ও মো. মাজাহারুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত গাবতলী বাস টার্মিনালের পাশে জমিদারবাড়ি ফুটবল খেলার মাঠ সংলগ্ন মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জান্নাতুল ফেরদৌস ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালায়। এসব ওয়ার্কশপে ঈগল পরিবহন ও পাবনা এক্সপ্রেসের কয়েকটি বাস মেরামত করা হচ্ছিল। এছাড়া ঢাকার স্থানীয় রুটে চলাচলকারী ২ টি মিনিবাসও মেরামত করা হচ্ছিল। বাসগুলো সড়কে চলাচলের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। পরে ওয়ার্কশপগুলোকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে দারুস সালাম জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম ও দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান উপস্থিত লোকজনদের সাথে সচেতনমূলক বৈঠক করে। বৈঠকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকদেরকে তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ওয়ার্কশপে মেরামত করা গাড়ির তথ্যাদি চার্ট আকারে ঝুলিয়ে রাখার পরামর্শ দেয়া হয়।
ইত্তেফাক/এমআই
