উত্তর কোরীয় নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন, এমন খবর প্রকাশিত হয়েছে। এ খবর প্রকাশের পর উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত রাশিয়া সফর করবেন বলে জানা গেছে।
ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে মস্কো ও পিয়ংইয়ং এখনো নিশ্চুপ। এ সম্পর্কিত কোনো ঘোষণা কারও পক্ষ থেকেই আসেনি। কিন্তু ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম ইন-চুল এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়া ও উত্তর কোরিয়ার দুই নেতার মধ্যে একটি বৈঠকের তোড়জোড় চলছে বলে সিউল জানতে পেরেছে।’ খবর সিএনএনের। এখন পর্যন্ত পুতিনের সঙ্গে কিমের সাক্ষাত্ হয়নি। গত বছর সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকের কয়েক দিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছিলেন কিম উন। সেই সময়েই পরমাণু কর্মসূচি থেকে সরে আসার সময়েই ধাপে ধাপে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায় রাশিয়া। আর এটিই উভয় দেশের শীর্ষ নেতাদের বৈঠকে বসার ক্ষেত্রটি তৈরি করেছে। দক্ষিণ কোরিয়া বলেছে, চলতি মাসে বেইজিংয়ে অনুষ্ঠেয় চীনের বেল্ট অ্যান্ড রোডের ফোরামে দুই দেশই যোগ দেবে। আর এ সময়েই এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
