মাদারীপুরের শিবচরে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু খলিফা (৪৫) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারে টহল দিচ্ছিল পুলিশের একাধিক দল। এ সময় পুলিশ শিবচরের শম্ভুক নদের কাছে গেলে মাদক বিক্রেতাদের দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের শব্দ শুনতে পায়। পুলিশ কাছাকাছি পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ত্রিমুখী গুলিবিনিময়ের একপর্যায়ে বাচ্চু গুলিবিদ্ধ হন এবং অন্য মাদক বিক্রেতারা পালিয়ে যান। পরে আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চুর বিরুদ্ধে শিবচরসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা বলেও জানান পুলিশ সুপার সরোয়ার হোসেন।
ইত্তেফাক/এএম
