ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর (আর কে) সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রেষণ বাতিলের দাবিতে বুধবার মানববন্ধন হয়। স্থানীয় সামাজিক সংগঠন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর দিলুয়ারা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেই শিক্ষকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজশে অন্যত্র প্রেষণে চলে যান। বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র ১২ জন শিক্ষক দিয়ে। এতে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। অচিরেই শিক্ষক সংকট সমাধান না করা হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
