গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

আপডেট : ৩১ মে ২০১৮, ১৭:৫৭
রাজধানীর গেন্ডারিয়ার নামাপাড়া বস্তিতে বৃহস্পতিবার এক মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
 
এ সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩০০ পিস ইয়াবা, ৭০০ পুরিয়া হেরোইন, ৩ কেজি গাঁজা ও ২২৫টি প্যাথেডিন ইনকেজশন। 
 
পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সারা দেশব্যাপী চলছে মাদকের বিরুদ্ধে অভিযান। চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ নগরীর গেন্ডারিয়ার নামাপাড়া বস্তিতে অভিযান চালায় ডিএমপি। এ সময় মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়। 
 
তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গেন্ডারিয়া থানা পুলিশের পাশাপাশি স্পেশাল আর্মড ফোর্স ও ডগ স্কোয়াড সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করে।  
 
ইত্তেফাক/ইউবি