খাগড়াছড়িতে ইউপিডিএফের ইউনিট কমান্ডারসহ ৩ জন আটক, অস্ত্র উদ্ধার

আপডেট : ৩১ মে ২০১৮, ১৮:০৭
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি ও পানছড়ি উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফের (প্রসীত) ইউনিট কমান্ডারসহ তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
 
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথদল বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ্মীছড়ির যতিন্দ্র কাবারী পাড়ায় অভিযানে গেলে ইউপডিএফের ইউনিট প্রধান পুলক চাকমা (৪০) দৌড়ে পালনোর চেষ্টা করে। এক পর্যায়ে তিনি পেছনে ফিরে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা করেন। এ সময় যৌথবাহিনীর সদস্যরা তাকে ঝাঁপটে ধরে ফেলে। তার কাছ থেকে দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি এবং রাষ্ট্রবিরোধী প্রচারণামূলক বই উদ্ধার করা হয়।
 
একই অভিযানে ইয়াবাসহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর অমর বিকাশ চাকমাকেও (৩০) আটক করা হয়। পুলক চাকমার পিতার নাম চম্পুলাল চাকমা। বাড়ি খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়ায়। অমর বিকাশ চাকমার পিতার নাম ধরাস মনি চাকমা। বাড়ি রাঙ্গামাটির কাউখালী উপজেলায়।
 
লক্ষ্মীছড়ি জোনের জেডএসও ক্যাপ্টেন সায়মন আলম সাংবাদিকদের বলেন, পুলক চাকমা পূর্বের ইউনিট কমান্ডার রক্তিম চাকমার স্থলাভিসিক্ত হয়েছিলেন। গত ৩-৪ মাস ধরে পুলক চাকমা গোপনে সংগঠনের ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পুলক চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলা এবং তপন জৌতি চাকমা বর্মাসহ ৬ খুনের মামলার আসামি বলে জানা গেছে।
 
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার জানান, আটককৃত পুলক চাকমার বিরুদ্ধে নানিয়ারচরে আলোচিত ৬ খুনের ঘটনায় ২টি হত্যা মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে। এছাড়া লক্ষ্মীছড়ি থানায় অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। গত ২০১৭ সালের ১ নভেম্বর অস্ত্রসহ আটক হয় তাকে। জামিনে বের হয়ে আবারো তিনি অপরাধে জড়িয়ে পরেন বলে পুলিশ জানায়।
 
অপরদিকে, পানছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৫ রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তলসহ অংগজয় মারমা (৩০) নামে এক ইউপিডিএফের (প্রসীত) কর্মীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলার পুজগাং মুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক অংগজয় মারমা পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের বাসিন্দা রেম্রাচাই কার্বারীর ছেলে। তিনি অস্ত্র কেনা-বেচার সঙ্গেও জড়িত।
 
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পানছড়ি উপজেলার পুজগাং মুখ এলাকা থেকে অংগজয় মারমাকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তলসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদও উদ্ধার করা হয়। এ ঘটনায় পানছড়ি থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
 
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক সচিব চাকমা এক বিবৃতিতে লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কার্বারী পাড়া এলাকা থেকে ইউপিডিএফের দুই সংগঠককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
 
ইত্তেফাক/নূহু