বিচার বিভাগীয় তদন্ত দাবি টিআইবির

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:৪৯

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের প্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে গাফিলতি ও যোগসাজশের যে অভিযোগ উঠেছে তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে দায়ী ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠনটি। সংস্থাটির মতে, সারাদেশে নারীর প্রতি সহিংসতার সংখ্যা ও নৃশংসতা অকল্পনীয় পর্যায়ে পৌঁছেছে।  গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলে আশা করি। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও যোগসাজশের যে অভিযোগ উঠেছে তাতে আমরা আতঙ্কিত। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি যে, ঐ পুলিশ কর্মকর্তা নুসরাতের অভিযোগ যথাযথ গুরুত্ব দিয়ে আমলে তো নেননি, বরং অভিযোগটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এমনকি নুসরাতকে হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পরও ঐ পুলিশ কর্মকর্তা একে আত্মহত্যার প্রচেষ্টা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। মামলা নেওয়ার ক্ষেত্রেও ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।