পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটকের পর আতঙ্কে (হার্টঅ্যাটাকে) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কাজল শেখ মাজু (৪৩) নামে এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল শহরের বানিয়াপাড়া এলাকায় এক পুড়িয়া গাঁজাসহ মাজুকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতে নেয়ার পথে আকষ্মিক সে অসুস্থ্য হয়ে পড়লে পুলিশ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শ্বাসকষ্ট শুরু হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত মাজু জেলা শহরের নিউ মার্কেট (ঢাকাইয়া পট্টি) এলাকার হযরত আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এক পুড়িয়া গাঁজাসহ মাজুকে আটক করে। আটক করে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করার প্রস্তুতি নেয়ার সময় আকষ্মিক মাজুর বুকে ব্যথা অনুভব করেন এসময় তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন হাসপাতালে ভিড় জমায়। তার লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তার স্ত্রীসহ আত্মীয়স্বজনরা। মাজুর ভাই রুহুল আমিন বাবু ওরফে ইটালী বাবু এ ঘটনায় তাদের কোন অভিযোগ নেই, তবে সে মাদকাসক্ত ছিল কিন্তু এরকম অসুস্থ্য ছিল না বলে সে জানায়।
পঞ্চগড়ের সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, কাজল শেখ মাজু দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছিলেন। রাতে ডিবি পুলিশ তাকে আটক করে পরে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিল্লুর রহমান মাজুর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বলে জানিয়েছেন।
ইত্তেফাক/কেআই
