রোহিঙ্গার কারণে জাতীয় নিরাপত্তার সংকট দেখা দিতে পারে : মেনন

আপডেট : ০৪ জুন ২০১৮, ০২:১০
ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ফিলিস্তিন, ইরান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে আমাদের সুদৃঢ় অবস্থান নিয়ে বিশ্ব শান্তির পক্ষে বিদেশ নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি রোহিঙ্গা নিয়ে যে সংকট হচ্ছে, সেটির কারণেও আমাদের দেশের জাতীয় নিরাপত্তার সংকট দেখা দিতে পারে। এজন্য দরকার সরকারের সুদৃঢ় বিদেশ নীতি।
 
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘প্যালেস্টাইন সংকট ও সমসাময়িক বিশ্বের উত্তেজনাময় পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
 
মেনন বলেন, ফিলিস্তিন-ইরান ও সিরিয়ায় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা কেবল ওই দেশগুলোর সমস্যা নয়। এই সমস্যা এখন বিশ্বব্যাপী। সভায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ইউ রামাদান বলেন, এটা দুঃখজনক যে- আরব বিশ্বে আজ অনৈক্য। অনেক আরব রাষ্ট্রই যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে। মনে রাখবেন ফিলিস্তিন হঠাৎ করে তৈরি হয়নি।
 
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রবীণ অধ্যাপক, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ড. কেএএম সাদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস এন্ড কনফ্লিক্ট বিভাগের অধ্যাপক তৌহিদুল ইসলাম, বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি প্রকৌশলী ড. আবুল কাসেম প্রমুখ। সভা পরিচালনা করেন পার্টির কেন্দ্রীয় নেতা এনামুল হক এমরান।
 
ইত্তেফাক/মোস্তাফিজ