রাজনৈতিক প্রতিহিংসার কারণে শাহীন খুন হয়েছেন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:৫৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাহীন হত্যার ঘটনায় শুধু বগুড়ায় নয়, সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। শাহীনের কোনো শত্রু ছিল না। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কারণে  বগুড়াবাসী আজ ক্ষুব্ধ। পুলিশ প্রশাসন শাহীনের খুনিদের গ্রেফতারে  ব্যর্থ হলে বগুড়াবাসী বসে থাকবে না। এই সরকারের আমলে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই, কোনো জবাবদিহিতা নেই, কোনো বিচার নেই । বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ড তারই বহিঃপ্রকাশ।

দুর্বৃত্তদের হাতে নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর গতকাল বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল শাহীনের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, বিএনপি আপনাদের সঙ্গে আছে। হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি সব ধরনের সহযোগিতা করে যাবে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন,  বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন প্রমুখ।