কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেনকে লাঞ্ছিত করেছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান। এ ঘটনা নিয়ে উপজেলার সাংবাদিকগণ ও সচেতন মহল চরম ক্ষোভ প্রকাশ করে ওই কর্মকর্তার বিচার ও অপসারণ দাবি করেছে।
জানা গেছে, সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা চলছিল। সভায় উপস্থিত ছিলেন উপজেলার দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেন। ওই সভায় উপস্থিত না হয়ে নিজ কার্যালয়ে বসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা মাসুদুল হাসান উপজেলার দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেনের মোবাইল ফোনে কল করে তার কার্যালয়ে ডেকে নেন। সেখানে পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে ইত্তেফাক সংবাদদাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অফিসে তালাবদ্ধ করে রেখে চাঁদাবাজ আখ্যায়িত করে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।
বিষয়টি বুঝতে পেরে উপজেলা নির্বাহী অফিসার এসএম মেহেদী হাসান ও অন্যরা সেখান থেকে দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেনকে উদ্ধার করে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় নিয়ে আসেন। সেখানে ডেকে আনা হয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা মাসুদুল হাসানকে। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবুল, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান, বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আতাউর রহমান শাহ দুলু, সমাজসেবক ফজলু মিয়াসহ সকলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এহেন কাণ্ডে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
তারা উক্ত কর্মকর্তাকে সভায় বলেন, 'আপনি তিন বছর ধরে কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসটিকে দুর্নীতির আখড়া বানিয়েছেন। আর সাংবাদিকরা আপনার দুর্নীতির রিপোর্ট করেলেই তাদের চাঁদাবাজ বানিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করেন। তাই আপনি বদলী নিয়ে অন্যত্র চলে যান।'
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম মেহেদী হাসান বলেন, বিষয়টি দুঃখজনক। ইত্তেফাক সংবাদদাতা লিখিত অভিযোগ দিলে সেটি তদন্ত করে উর্দ্ধতন কর্তপক্ষকে অবহিত করা হবে।
উল্লেখ্য, চলতি বছরে গত ২১মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদের কারনে উক্ত কর্মকর্তা এ ঘটনা ঘটিয়েছে।
