চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০৬ জুন ২০১৮, ০৯:৫২
 
চাঁদপুর শহরের পুরাণ বাজার পূর্ব শ্রীরামদীতে, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মো. ইউনুছ মিয়াজী ওরফে সুমন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছে ৫ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে পুলিশ ১০১ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক (পাইপ গান), ৬ রাউন্ড গুলি, ২টি ছোরা ও একটি চাপাটি উদ্ধার করে।
 
আজ বুধবার ভোর রাত পৌনে ২টার দিকে পুরাণ বাজার স্টার আলকায়েদ জুট মিলের দক্ষিণ পাশে বালুর মাঠে এই ঘটনা ঘটে।
 
নিহত ইউনুছ পুরাণ বাজার মধ্যম শ্রীরামদী বউ বাজার এলাকার মিয়াজী বাড়ীর মৃত আব্দুল মাজিদ মিয়াজীর ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ৮টি মাদক মামলা রয়েছে।
 
আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, অনুপ চক্রবর্তী, পলাশ বড়ুয়া, মফিজুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন। এদের মধ্যে পলাশ ও আনোয়ার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান লেন-দেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলি নিক্ষেপ করেন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ঘটনাস্থলে ইউনুছ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বাকী মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
 
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ ওলি জানান, ইউনুছকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত আড়াইটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪০ মিনিটে সে মারা যায়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ