রাজশাহী জেলার তানোরে অটোরিক্সায় শাড়ি পেঁচিয়ে শিশুসহ মেহেরুণ (৩০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে তানোর পৌর এলাকার কাশেম বাজার আমান কোল্ড স্টোরেজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূ তানোর পৌর এলাকার ঠাকুরপুকুর গ্রামের আসলামের স্ত্রী।
জানা গেছে, দুপুরে কালীগঞ্জ থেকে অটোরিক্সায় বাড়ি ফেরার পথে আমান কোল্ডস্টোরেজের রাস্তায় এসে ওই অটোরিক্সার চাকায় শাড়ি পেঁচিয়ে শিশুসন্তানসহ (৪) উল্টে পড়ে যান। ঘটনাস্থলে পড়ে গিয়ে জ্ঞান হারান মেহেরুণ। মাথায় ও থুঁতনিতে আঘাত পান। স্থানীয়রা দ্রুত শিশুসহ ওই গৃহবধূকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জুবাইদা জানান, উল্টে পড়ে গিয়ে আহত মেহেরুণের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। এছাড়া দু-এক জায়গায় কেটে গেছে। এখন পর্যন্ত রোগীর জ্ঞান ফেরেনি। আশা করছি কিছু সময়ের মধ্যে জ্ঞান ফিরবে। আর তার শিশু সন্তানটি সুস্থ রয়েছে।
ইত্তেফাক/নূহু/এমআই
