গাজীপুরে কলেজ ছাত্রী লিজা হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০১:১৯

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় গত বুধবার প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রী শারমিন আক্তার লিজা হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোনাবাড়ী এলাকায় ক্যামব্রিজ কলেজ ও লিংকন মিলেনিয়াম কলেজসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করে।

এদিকে কলেজ ছাত্রী লিজা হত্যার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহেতর ভাই সাদিম আহেম্মদ সুজন বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত কলেজ ছাত্র মোস্তাকিম রহমান রাজু (১৯) ছাড়াও তার সহযোগী শামীম (২০), হায়দার (২০), জুয়েল (১৯) ও রোমানকে (২০) এ মামলায় আসামি করা হয়েছে।

বুধবার রাত ১১টায় কোনাবাড়ি আমবাগ এলাকায় শারমিন আক্তার লিজার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে গ্রেফতারকৃত রাজুকে বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলামের আদালতে হাজির করা হলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

নিহতের বড় ভাই সাদিম আহেম্মদ সুজন জানান, কোনাবাড়ি লিংকন মিলেনিয়াম কলেজের ছাত্র মুস্তাকিম রহমান রাজু তার বোন শারমিনকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় পূর্ব পরিকল্পিতভাবে শারমিনকে ছুরিকাঘাতে হত্যা করে মুস্তাকিম।

জলাভূমি ও পুকুর রক্ষা কমিটির অভিষেক

বাংলাদেশ জলাভূমি ও পুকুর রক্ষা কেন্দ্রীয় কমিটির অভিষেক  উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি  লায়ন গণি মিয়া বাবুল, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ডা. লোকমান হোসেন, ডা. একেএম ফজলুল হক প্রমুখ। পরে গুণীজনদের ক্রেস্ট প্রদান করা হয়।