তালেবানের সঙ্গে আফগান সরকারের যুদ্ধবিরতি ঘোষণা

আপডেট : ০৭ জুন ২০১৮, ১৪:৫৮
জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে আফগান সরকার। রোজা শেষ হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে। ইসলামিক আলেমদের এক বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
 
খবরে বলা হয়, আফগান প্রেসিডেন্ট বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছেন যে, তালেবানের সঙ্গে আগামী ২০ জুন পর্যন্ত লড়াই বন্ধ রাখবে সরকার। তবে আইএস সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।  
 
ইসলামিক আলেমদের এক বৈঠক শেষে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছে। আলেমরা তালেবান হামলার বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেছেন। আলেমরা তালেবানের সঙ্গে একটি যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন। গনি তাদের ডাকে সাড়া দিয়েছেন।
 
টুইটারে গনি লিখেন, এই যুদ্ধবিরতি হচ্ছে তালেবানদের এটা বোঝার সুযোগ যে, তাদের সহিংস হামলা মানুষের মন জয় করতে পারছেনা। বরং তাদের বিচ্ছিন্ন করে তুলছে।
 
তিনি আরো বলেন, এই যুদ্ধবিরতির ঘোষণার মাধ্যমে আমরা, আফগান সরকারের শক্তির দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সহিংসতার বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ প্রস্তাবনার ইচ্ছার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। 
 
ইত্তেফাক/ জেআর