কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০১:২৯

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন  থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন কৃষক লীগের নেতারা।

এদিকে, কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে কৃষক লীগ কৃষক ও কৃষির কল্যাণে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে কৃষির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে কৃষিক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ প্রবর্তন করেন। শেখ হাসিনা বলেন, তার সরকারের সময় কৃষিতে আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে।

কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কৃষকের কণ্ঠ’ নামে স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী সংগঠনের নেতা-কর্মীসহ দেশের কৃষক সমাজকে আন্তরিক শুভেচ্ছা জানান।