‘আমি এসি ল্যান্ড বলছি টাকা লাগবে বিকাশ করুন’

আপডেট : ০৭ জুন ২০১৮, ২১:২৫

জেলার তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা: আব্দুল্যাহ আল মামুনের মোবাইল নম্বরটি ক্লোন করে ৪টি  ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের কাছে টাকা দাবি করা হয়েছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সকাল থেকে কে বা কারা তার মোবাইল নম্বর ক্লোন করে এ কার্যকলাপ চালাচ্ছেন বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

উপজেলার কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো: লুৎফর রহমান বলেন, 'বুধবার দুপুরে এসিল্যান্ড (ওই ভূমি কর্মকর্তা) স্যারের মোবাইল নম্বর থেকে আমার কাছে ফোন আসে। আমাকে বলা হয় 'আমি এসিল্যান্ড বলছি। আমি খুব অসুস্থ, আমার দশ হাজার টাকা লাগবে। আমার এ নম্বরে তাড়াতাড়ি বিকাশ করুন।' আমি স্যারের নম্বরে দশ হাজার টাকা দিয়ে দিই। এরপর বৃহস্পতিবার সকালে এসিল্যান্ড স্যার আমাকে ফোন দিয়ে বলেন তার মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে। কেউ ফোন দিয়ে টাকা চাইলে যেন টাকা না দেওয়া হয়। তখন আমি বুঝতে পারি যে স্যারের নম্বরটি থেকে আমার সঙ্গে প্রতরণা করা হয়েছে।

তানোর ভূমি অফিসের নাজির মোঃ ফিরোজ জানান, তার কাছেও ফোন দিয়ে টাকা দাবি করা হয়। তখন তিনি বলেন- 'স্যার আপনার কথার স্বর তো পরিচিত লাগছে না।  আমি অফিসে এসে টাকা দিচ্ছি।' এ কথা শোনার পর লাইন কেটে যায়।

তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল্যাহ আল মামুন জানান, কে বা কারা তার ফোন ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের নায়েবদের কাছে টাকা দাবি করেছেন। বিষয়টি তাকে জানানো হলে তিনি সকলকে প্রতারকদের থেকে সাবধান হতে বলেছেন। তিনি বলেন, 'বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।'

ইত্তেফাক/নূহু