সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৮জন মারা গেছেন। শনিবার চট্টগ্রামে দুইজন মাইক্রোবাসের যাত্রী, পঞ্চগড়ে বৃদ্ধ, সিরাজগঞ্জে গৃহবধূ, মৌলভীবাজারে সিএনজি অটোরিকশা চালক ও ময়মনসিংহে শিশু নিহত হয়েছেন। এদিকে নারায়ণগঞ্জে শুক্রবার দিবগত রাতে ব্যাটারিচালিত অটোচালকসহ ২জন মারা গেছেন।
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে গাড়ি চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক এবং অটোতে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক নরসিংদীর মনোহরদী উপজেলার হরিনারায়ণপুর এলাকার রতন মিয়ার ছেলে মনির হোসেন (৩০) এবং যাত্রী শরীয়তপুরের ডামুডা হরিনারায়ণপুর এলাকার চান মিয়া মৃধার ছেলে মাহবুব আলম (২৯)।
পঞ্চগড়: সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তবিবর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের ব্যারিস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবিবর রহমান সদর উপজেলার পশ্চিম মোলানী পাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। পঞ্চগড় থানার ওসি রবিউল হাসান সরকার ট্রাক চাপায় এক বৃদ্ধ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া (চট্টগ্রাম): বাস ও যাত্রীবাহী হাইয়েচের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ৪জন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের উত্তরে কেবিএম ইটভাটা এলাকায় শনিবার সকাল সাড়ে ৬টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ফোরকান (৩০) ও নাসরিন সোলতানা নাজমা (৩২)। এরা দুজনই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। ফোরকান সাতকানিয়ার পূর্ব গাটিয়া ডেঙ্গা এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং নাজমা পটিয়ার সুভনদন্ডি পশ্চিম কালিয়াইশের রফিকুলের মেয়ে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): হাটিকুমরুলের ধোবাকান্দি সেতুর উপর শনিবার দুপুরে অপরূপা পরিবহনের কোচ পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী মনিজা খাতুন (৫০) ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল চালক মনিজার স্বামী সরোয়ার হোসেন আহত হন।
কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক ইলিয়াছ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফরেস্ট ডরমিটরি এলাকায় এ ঘটনা ঘটে। ইলিয়াছ মিয়া আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): চকপাটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে শনিবার বেলা ১১টার দিকে ট্রাক্টর চাপায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া খোশনূর আক্তার (ঈশিতার) নিহত হয়েছে। সে পাটুলী গ্রামের খোর্শেদ আলীর মেয়ে।
ইত্তেফাক/আরকেজি
