ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ, পিস্তলসহ অপর ৩ নেতা আটক

আপডেট : ১০ জুন ২০১৮, ০৪:৫৪
ইফতারের সময় চেয়ারে বসা নিয়ে সিনিয়র জুনিয়রদের মধ্যে বাধানো বাধের জের ধরে জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শান্ত গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের পূর্ব মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরময় উত্তেজনা বিরাজ করছে।  তাৎক্ষনিক সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তলসহ ৩ ছাত্রলীগ নেতাকে আটক করেছে বলে জানা যায়। 
 
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, শান্তকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সাইফুল ইসলাম শান্ত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর চাচাতো ভাই ও বাস মালিক সমিতির নেতা অহিদ মিয়ার ছেলে।
 
এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, শনিবার বিকালে পূর্ব মেড্ডা ট্রাক মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। সিনিয়র-জুনিয়র নেতাকর্মীদের বসা নিয়ে ছাত্রলীগের দু’দল নেতাকর্মীদের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে জেলা ছাত্রলীগের বিগত কমিটির সহসম্পাদক সাইফুল ইসলাম শান্ত বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬ টায় পূর্ব মেড্ডা এলাকায় পৌছলে ছাত্রলীগের জনৈক নেতা শান্তকে পিস্তল ঠেকিয়ে বুকের কাছে দুটি গুলি করে বলে তার স্বজনরা দাবী করে।
 
খবর পেয়ে শান্তর স্বজনরা উদ্ধার করে তাকে  প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করে।
 
সদর থানার ওসি নবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘটনার সাথে জড়িত রবিউল আলম রবিন কাউতলী,  সৌরভ পাল পূর্ব পাইকপাড়া ও আশরাফুল ইসলাম ইমন পূর্ব মেড্ডাকে ১টি পিস্তলসহ আটক করেছে। রবিউল আলম রবিন ব্রাহ্মণবাড়িয়া সরকারী করেঝ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।এই ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
 
তিনি জানান অপরাপর যারা ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/কেআই