পাংশায় ইউপি সদস্যের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ১০ জুন ২০১৮, ১৫:৩৮
রাজবাড়ীর পাংশায় মাজেদ মন্ডল নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া এলকায় রাস্তার পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
 
মাজেদ মন্ডল কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার জয়ন্তীহাজরা ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বর। তিনি ওই ইউনিয়নের কালাইডাঙ্গী গ্রামের মৃত সোহরাব আলী মন্ডলের ছেলে।
 
মাজেদ মন্ডলের চাচা আব্দুর রাজ্জাক জানান, মাজেদ মন্ডল গত ৯ জুন (শনিবার) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় তার খোঁজ শুরু হয়। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। 
 
অবশেষে পরিবারের লোকেরা আজ সকালে লোকমুখে শুনতে পারে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। জয়ন্তীহাজরা থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে পাংশার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া  গ্রামের রাস্তার পাশে তার বস্তাবন্দী লাশ পড়ে ছিল।
 
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম জানান, সকালে মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে  পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।
 
ইত্তেফাক/নূহু