‘মাদকের বিরুদ্ধে প্রশাসনসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

আপডেট : ১০ জুন ২০১৮, ২১:৫৪
নরসিংদীর শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, মাদকাসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের পথে যাতে না যেতে পারে সেজন্য আমাদের প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনসহ সমাজের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 
 
আজ রবিবার বিকাল ৫টায় শিবপুর উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। 
 
উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার সকল ইউনিয়নের পক্ষে সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিহুল গনি স্বপনসহ ইউপি সদস্য, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা একে নাসিম আহমেদ হিরন।
 
ইত্তেফাক/এমআই