লোহাগড়ায় ভূমি কমিশনারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির প্রতিবাদ

আপডেট : ১১ জুন ২০১৮, ১৫:৩৪
নড়াইলের লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম আরাফাত হোসেনের ঘুষ, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিবেকানন্দ দাস, জগন্নাথ পাল, গোবিন্দ কুমার পাল প্রমূখ। মানববন্ধনে এ সময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিবেকানন্দ দাস মানববন্ধন চলাকালে অভিযোগ করে বলেন, গত ১০ জুন দুপুরে জমিজমা সক্রান্ত একটি অভিযোগ ভূমি অফিসে জমা দিতে গেলে ভূমি কর্মকর্তা নাজির, সাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলে। নাজির ১০ হাজার টাকা ঘুষ দাবি করে। বিষয়টি ভূমি অফিসারকে জানাতে গেলে তিনিও টাকা দিয়ে দিতে বলেন। টাকা না দিলে অকথ্য ভাষা ব্যবহার করে মাদক ব্যবসায়ী সাজিয়ে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি দেন। আওয়ামী লীগ সভাপতি পরিচয় দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে অফিস থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন।
 
অভিযুক্ত লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম আরাফাত হোসেন বলেন, বিবেকানন্দ দাস আমার অফিসে এসেছিলেন। কিন্তু আমাকে উনি কোন কাজের কথা বলেননি। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহিন দাবি করেন তিনি।
 
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, আমরা তদন্তের জন্য দুজনকেই নোটিশ করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
 
ইত্তেফাক/নূহু