বিএসএমএমইউতে নেয়া হবে খালেদা জিয়াকে: আইজি প্রিজন্স

আপডেট : ১২ জুন ২০১৮, ০২:০৪
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই (বিএসএমএমইউ) নেওয়া হবে। আজ সোমবার নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।
 
এর আগে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি বিএনপি জানালেও তা প্রত্যাখ্যান করে কারা কর্তৃপক্ষ।
 
সৈয়দ ইফতেখার বলেন, আমরা উনাকে (খালেদা জিয়া) আগামীকাল সকালে বিএসএমএমইউতে নিয়ে যাব। বিএসএমএমইউ তৈরি রাখতে বলেছি। উনি রাজি থাকলে ব্যাপারটা হবে।
 
৭৩ বছর বয়সী খালেদা জিয়া গত ৫ জুন কারাগারে হঠাৎ করে পড়ে যান- এমন খবর প্রকাশ হওয়ার পর বিএনপি তাদের নেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তাদের পক্ষ থেকে বলা হয় খালেদাকে ইউনাইটেড হাসপাতালে নিতে হবে। গত শনিবার খালেদার ব্যক্তিগত চার চিকিৎসক কারাগারে তাকে দেখে এসেও একই সুপারিশ করেন।
 
এ কথার প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, রবিবার বিএসএমএমইউতে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পরে সাংবাদিকদের বলেন, এই বিষয়ে কারা কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।
 
ইত্তেফাক/এমআই