বদরগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

আপডেট : ১২ জুন ২০১৮, ০২:৩৪
রংপুরের বদরগঞ্জে রেজাউল ইসলাম (১৫) নামে ৯ম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। টাকা নিয়ে লেনদেনের জের ধরে ওই ছাত্রকে খুন করা হয় বলে পরিবারিক সূত্রে জানা গেছে। 
 
গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বদরগঞ্জ পৌরশহরের রেলস্টেশন এলাকায় এঘটনা ঘটে। রেজাউল উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।  সে বদরগঞ্জ কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল।
 
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রেজাউলের বড় ভাই হাবিবুর রহমানের কাছ থেকে দুই বছর আগে স্ট্যাম্পমূল্যে ৩০ হাজার টাকা ধার নেয় পৌর শহরের বটপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে ফিরোজ শাহ (২৫)। এই টাকা ফেরতের নামে ফিরোজ দীর্ঘদিন ধরে টালবাহনা শুরু করে আসচ্ছিল। এনিয়ে সোমবার সন্ধ্যায় থানাপাড়া এলাকায় বৈঠক বসে। এ সময় ফিরোজের সঙ্গে কথা কাটাকাটি হয় হাবিবুর রহমান ও তার ছোট ভাই রেজাউলের।  এতে ক্ষুব্ধ হয়ে উঠে ফিরোজ। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে রেজাউল তার জ্যাঠাতো ভাই জুয়েলকে সঙ্গে নিয়ে হেটে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় তারা বদরগঞ্জ পৌর শহরের স্টেশনের অদুরে পৌঁছালে ফিরোজ রেজাউলকে লক্ষ্য করে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার সঙ্গে আরো ৩-৪জন যুবক ছিল। জুয়েল স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে রেজাউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার সত্যতা স্বীকার করে বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘ওই ঘটনায় ফিরোজসহ জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি