বকশীগঞ্জে ৩৩ বস্তা ভিজিএফ চালসহ মালেক (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। মালেক নিলক্ষিয়া পশ্চিমপাড়া গ্রামের আসান আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে সরকারি বরাদ্ধকৃত ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম হয় কিনা তা দেখতে যান ইউএনও আবু হাসান সিদ্দিক। সেখানে গিয়ে ভিজিএফ চাল কেনার অভিযোগে মালেককে আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি। এ সময় ৩৩ বস্তা চাল জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মালেকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ইউএনও আবু হাসান সিদ্দিক জানান,পবিত্র ঈদ উপলক্ষে সরকার অসহায়দের জন্য ভিজিএফের ব্যবস্থা করেছেন। ভিজিএফ চাল ক্রয় এবং বিক্রয় দুটোই সমান অপরাধ। যে কোনো ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ যদি কেউ ভিজিএফ চাল বিক্রি বা ক্রয়ের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে
