মুন্সীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক, কবি, প্রকাশক ও ব্লগার শাজাহান বাচ্চু (৬৫) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের তিন রাস্তার মোড়ে তার বাড়ি থেকে আধা কি.মি. পূর্ব দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধূরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ১ টার দিকে তিনি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় সাথে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সিরাজদিখান সার্কেল সিনিয়র এএসপি আসাদুজ্জামান, ওসি ডিবি ইউনুচ আলী, ওসি টঙ্গীবাড়ি থানা মো. ইয়ারদৌস হাসান, সিরাজদিখান থানার ওসি মো. আবুল কালাম এবং ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম এর একটি টিম।
ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধূরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সন্ধ্যার আগে একটা ফার্মেসি থেকে তিনি বের হন, বের হওয়ার পর তার ওপর আক্রমণ হয় এবং তাকে হত্যা করা হয়। আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে কাজ করছি। এ হত্যার সঙ্গে যারা জড়িত আছে, তাদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২টি মোটর সাইকেলে চারজন লোক এসে তাকে ধরে রাস্তায় নিয়ে গুলি করে হত্যা করে। এ সময় সিরাজদিখান থানার এএসআই মাসুম ঐ রাস্তা দিয়ে মুন্সীগঞ্জ থেকে থানার দিকে যাচ্ছিলেন।
এএসআই মাসুম জানান, ঘটনাস্থলে পৌছানোর আগে একটি বিকট আওয়াজ পান, সামনে এসে দেখেন একটি লোক পড়ে আছে। প্রথম ভাবছিলেন বিদ্যুতের তারে সমস্যা হয়েছে কিনা। পাশের রাস্তা থেকে তাকে উদ্দেশ্য করে বলছে 'গুলি কর'। এমন সময় একজন ব্যাগ থেকে একটি ককটেল বের করে ছুঁড়ে দেয়। মাসুম পিস্তল বের করতেই আরেকজন তাকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। মাসুম বসে গুলি করার চেষ্টা করলে বিপরীত রাস্তায় সন্ত্রাসীরা চারজন দৌড়ে দুটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়।
শাজাহান বাচ্চু উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পশ্চিম কাকালদি গ্রামের মরহুম মমতাজ উদ্দিনের ছেলে। ঢাকার বাংলাবাজারে বিশাকা প্রকাশনীর সত্ত্বাধিকারী ও সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
ইত্তেফাক/নূহু
