কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১২ জুন ২০১৮, ১৬:৫৫
পুকুরের পানিতে ডুবে ও নদীতে গোসল করতে গিয়ে পৃথক ঘটনায় কেয়া আক্তার (১২) ও মিম আক্তার (১১) নামে দুটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
রনচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছার রহমান বিমান বলেন, গাড়াগ্রাম ইউনিয়নের চম্পাফুল পাড়া গ্রামের মন মিয়ার কন্যা মিম আক্তার। সে রনচণ্ডী ইউনিয়নের দালালটারী গ্রামে তার নানা হুজুর আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন দুপুর ২টার দিকে বাড়ির পিছনে পুকুরের পাড়ে আম কুড়াতে যায়। সে সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। দুপুর আড়াইটার দিকে পুকুরে তার লাশ ভেসে ওঠে।
 
অপরদিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ বলেন, কেয়া আক্তার বাড়ির অদূরে ধাইজান নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে মারা যায়। সে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
 
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু