পিতাকে মারপিট, কন্যাকে তুলে নেয়ার হুমকি; অভিযুক্তকে গ্রেফতার করছে না পুলিশ

আপডেট : ১২ জুন ২০১৮, ১৯:৩৭
রাজশাহীর চারঘাট উপজেলার এক বখাটে যুবক পার্শ্ববর্তী বাঘার এক স্কুলছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার পর তার পিতাকে মারপিক করে আহত করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেয়া হলেও অদ্যাবধি অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। ফলে বেপরোয়া হয়ে উঠেছে বখাটে। এখন সে স্কুলছাত্রীকে অপহরনের হুমকি দিচ্ছে। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে স্কুল ছাত্রীর পরিবার।
 
অভিযোগে জানা গেছে, আড়ানী ফুলমননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির এক ছাত্রীকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জান্টু প্রামানিকের বখাটে ছেলে মিন্টু প্রামানিক দীর্ঘদিন থেকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছে। এই ঘটনা মিন্টুর পরিবারকে জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না। নিরুপায় হয়ে স্কুলছাত্রী নিজে বাদী হয়ে গত মাসে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করে। তবে এই অভিযোগ দেওয়ার পর স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতা করে নেওয়া হয়।
 
এদিকে এই সমঝোতার কয়েকদিন পর থেকে বখাটে মিন্টু ওই স্কুলছাত্রীকে পূনরায় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতে শরু করে। সর্বশেষ গত ১৯ মে চারঘাটের রামচন্ত্রপুর বাজারের সেলিমের চায়ের স্টলে বখাটে মিন্টুকে উত্ত্যক্ত না করার জন্য অনুরোধ করেন স্কুলছাত্রীর বাবা। এই বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে স্কুলছাত্রীর বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে মিন্টু। এ ঘটনার পর ওই যুবকের বিরুদ্ধে চারঘাট থানায় অভিযোগ দায়ের করেন স্কুল ছাত্রীর বাবা।
 
তবে এখন পর্যন্ত আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বরং প্রতিনিয়ত স্কুলছাত্রীকে অপহরণ করাসহ তার বাবাকে মামলা তুলে নেওয়ার  জন্য প্রাণ নাশের হুমকি দিচ্ছে ওই বখাটে। 
 
মামলার বাদী ভুক্তভোগী আবুবক্কর মঙ্গলবার সকালে হাউমাউ করে কাঁদতে কাঁদতে স্থানীয় দুই সাংবাদিককে বলেন, আমার মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছি। এরপর থানায় মামলা করেছি। কিন্তু পুলিশ ওই  আসামিকে গ্রেফতার করছে না। নিরুপায় হয়ে মেয়েকে স্কুলে যাওয়া এবং প্রাইভেট বন্ধ করে দিয়েছি।  
 
এ বিষয়ে চারঘাট থানা অফিসার ইনচার্জকে মোবাইল করা হলে তিনি মোবাইল রিসিভ করেন নি। তবে মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই. সুজন আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এসআর/নূহু