বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলি হেলপার নিহত

আপডেট : ১৩ জুন ২০১৮, ১৩:২৭
রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আখতারুজ্জামান (৩০) নামের ট্রলির হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কালুপাড়া ইউপির শংকরপুর হরিবোল্লাপাড়া স্থানে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি ট্রলি বদরগঞ্জ থেকে নাগেরহাট যাওয়ার পথে হরিবোল্লাপাড়া নামক স্থানে অটোবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আখতারুজ্জামান ট্রলি থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আখতারুজ্জামান উপজেলার মধুপুর ইউপির রাজারামপুর কাজিরহাট এলাকার আজিত মিয়ার ছেলে। তিনি ট্রলির হেলপার হিসেবে কাজ করতেন। 
 
বদরগঞ্জ উপজেলা কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান চৌধুরী আখতারুজ্জামানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। 
 
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি জেনেছি। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি দেখা হবে। 
 
ইত্তেফাক/কেকে