তাড়াশে ৪৬ বছর পর প্রতিবন্ধী ভাতা পেলেন পিয়ারী

আপডেট : ১৩ জুন ২০১৮, ১৪:৫৮
‘৩৬ বছর শিকলে বাঁধা জীবন’ সংবাদটি ৪ জুন ইত্তেফাক অনলাইনে প্রকাশিত হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেনের নজরে আসে। পরে তাঁর সহায়তায় দীর্ঘ ৪৬ বছর পর প্রতিবন্ধী ভাতা পান পিয়ারীর খাতুন (৫২)। গতকাল মঙ্গলবার দেশিগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে পিয়ারীর হাতে ভাতা কার্ড তুলে দেন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।
 
 
সমাজসেবা কর্মকর্তার মো. শাহাদত হোসেন বলেন, ইত্তেফাকে সংবাদ প্রকাশের পরের দিনই তিনি দেশিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত জন্তিহার গ্রামে মানসিক প্রতিবন্ধী পিয়ারী খাতুনের বাড়িতে যান। সেখানে তার শিকলে বাঁধা জীবন সম্পর্কে খোঁজ খবর নিয়ে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার আশ্বাস দেন। একই সঙ্গে তার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়।
 
তিনি আরো জানান, একজন শিশু প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণের ছয় বছর বয়স থেকে তার প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম। সেক্ষেত্রে পিয়ারী খাতুনকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৪৬ বছর। আমি বিষয়টি জানার পর দ্রুত তার ভাতা পাওয়ার ব্যবস্থা করি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ