দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বাজেটে বেশি বরাদ্দের দাবি

আপডেট : ১৩ জুন ২০১৮, ১৬:৪১
খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বাজেটে বেশি বরাদ্দের দাবি জানিয়েছে খুলনা উন্নয়ন ফোরাম। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন এ দাবি জানান। 
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হতে চলেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। এ সেতু বাস্তবায়িত হলে খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২টি জেলায় অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।   
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় ইতোমধ্যে খুলনা অঞ্চলের অনেক সমস্যার সমাধান হয়েছে। তবে আরো বেশ কিছু সমস্যার সমাধার প্রয়োজন। 
 
সংবাদ সম্মেলনে শরীফ শফিকুল হামিদ চন্দন খুলনা অঞ্চলের উন্নয়নে বন্ধ হয়ে যাওয়া নিউজপ্রিন্ট মিলস ও দাদা ম্যাচ ফ্যাক্টরি অবিলম্বে চালু, পাট শিল্প শ্রমিকদের ন্যায্য মজুরি ও বকেয়া পাওনা পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বিমানবন্দর স্থাপন ও ফাইভ স্টার হোটেল নির্মাণ, খুলনা-দর্শনা ডবল রেল লাইন চালু, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজার বেড ও মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘোষণাসহ ১৮ দফা বাস্তবায়নের দাবি জানান। 
 
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনে ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম, অ্যাডভোকেট আনোয়ারা মোমতাজ, শেখ শাহীন আজাদ, মুক্তিযোদ্ধা মো. রহমত আলী, মাহবুবুর রহমান খোকন, আজাদুর রহমান আজাদ, খুলনা জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন হাওলাদার, ফকির আমিনুর শাহ্, ক্বারী শরিফ মিজানুর রহমান, অ্যাডভোকেট আইয়ুব হোসেন, অ্যাডভোকেট শাহারা ইরানী পিয়া, ইফ্ফাত সানিয়া ন্যান্সি প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি