গোপালগঞ্জে ঈদ উপহার পেলেন ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষ

আপডেট : ১৩ জুন ২০১৮, ১৭:০৭
গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীতে ঈদের উপহার পেয়েছেন ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষ। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস ব্যক্তিগত উদ্যোগে এসব মানুষের হাতে ঈদের পাঞ্জাবি ও শাড়ি তুলে দেন।
 
তিনি গত সোমবার ও মঙ্গলবার মুকসুদপুর উপজেলার ৩টি স্থানে ও কাশিয়ানী উপজেলার ৩টি স্থানে সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে এসব ঈদবস্ত্র বিতরণ করেন। 
 
এ সময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদারসহ মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 
 
মুকুল বোস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী, সমৃদ্ধ দেশ গড়ে তুলেছি। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। এ জন্য আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
 
মুকসুদপুরের শুকুর মিয়া বলেন, মুকুল বোস আমাকে ঈদের নামাজ আদায় করার পাঞ্জাবী দিয়েছেন। নামাজ পড়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো।
 
ইত্তেফাক/নূহু