জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে শিশুসহ দুজন যাত্রী নিহত হয়েছে ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। বুধবার জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় একটি পণ্যবাহী ট্রাক দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুটি উল্টে যায়। এ সময় অটোরিকশার যাত্রী ও চালকসহ অনন্ত ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে দুজন মারা যায়। নিহতদের মধ্যে জামালপুর শহরের মুন্সিপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/ইউবি
