এসিড মামলার ভিকটিমকে জীবন নাশের হুমকি

আপডেট : ১৩ জুন ২০১৮, ১৮:৪১
বাগেরহাটে এসিড মামলার ভিকটিম প্রতিবন্ধী মোঃ বেল্লাল মোল্লাকে (৩৭) জীবন নাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসিড মামলার আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ করেন বেল্লাল মোল্লা।
লিখিত বক্তব্যে বেল্লাল মোল্লা বলেন, ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আঃ আউয়াল শেখ ও ইউপি সদস্য শেখ সাদি ২০০৪ সালে আমার বোনকে ধর্ষণ করে। এর প্রতিবাদ করায় আমার ওপর এসিড নিক্ষেপ করে। পরে আমার বাড়িতে অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ধর্ষণ, এসিড ও অগ্নিসংযোগের মামলা করি। মামলায় আসামিগণ জেল খেটেছে। মামলাগুলো এখনও বিচারাধীন।
 
বেল্লাল বলেন, আমি যাতে মামলাগুলো উঠিয়ে আনি এবং মামলার কোন তদবির না করি এ জন্য আউয়াল শেখ বিভিন্ন লোক মারফত আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। র‌্যাব পরিচয়েও এক ব্যক্তি আমাকে মাদক মামলায় দিয়ে ক্রসফায়ার দেওয়ার হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমি ও আমার পরিবার প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। এ অবস্থায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
 
বেল্লাল আরও বলেন, মামলা থেকে বাঁচতে আসামিরা আমার বিরুদ্ধে একটি হত্যা মামলা দেয়। উক্ত মামলায় আমি নির্দোষ প্রমানিত হয়েছি। এরপরও আসামিরা আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে আসছে।
 
সংবাদ সম্মেলন শেষে বেল্লালের মা আয়েশা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন আমার স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে সংসার চালায়। কিছুদিন ধরে র‌্যাব ও পুলিশ পরিচয়ে বিভিন্ন লোকজন আমার বাড়িতে আসে। এসে আমার ছেলেকে মাদক মামলায় ক্রসফায়ার দেয়ার হুমকি দেয়। এ মামলার আসামিরা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে আমার ছেলেকে হয়রানি করার চেষ্ঠা করছে বলে অভিযোগ করেন তিনি।
 
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান আঃ আউয়াল শেখ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি। এসব মামলা নিয়ে ভাবার সময় নেই।'
 
ইত্তেফাক/নূহু