টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পারভীন আক্তার (২৮) নামের এক নারী নিহত ও অজ্ঞাত নামা (৯) এক শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার বিকেলে সখীপুর উপজেলার বড়চওনা-কালিহাতী সড়কের পলাশতলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীন উপজেলার বাঘেরবাড়ি গ্রামের আবদুল কদ্দুছের মেয়ে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পারভীন স্বামীর বাড়ি কালিহাতী থেকে অটোরিকশায় বাবার বাড়ি যাওয়ার পথে উক্ত স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে পারভীন ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় ওই অটোরিক্সায় থাকা অপর যাত্রীর এক শিশু গুরুতর আহত হলে তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
